জাবি ধর্ষনচেষ্টার ঘটনার ১০৮ দিনেও বিচার না হওয়ায় নারী নিরাপত্তা মঞ্চের মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণ ঘটনার ১০৮ দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়া এবং প্রশাসনিক গাফিলতির প্রতিবাদে মানববন্ধন করেছে নারী নিরাপত্তা মঞ্চ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি সঞ্চালনা করেন নারী নিরাপত্তা মঞ্চের সদস্য আনিকা তাবাসসুম ফারাবী।

মানববন্ধনে নারী নিরাপত্তা মঞ্চের সদস্য নাসরুল্লাহ তারেক বলেন, “প্রশাসনের তথাকথিত নিরপেক্ষতার আজ ১০৮তম দিন। গত ১০৮ দিনের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।”

তিনি বলেন, ধর্ষণের ঘটনার পর নারী শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে শুধু নামমাত্র প্রক্টর পরিবর্তন ছাড়া কার্যকর কোনো দাবি বাস্তবায়ন হয়নি। নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে হল পর্যায়ে সময় বেঁধে দেওয়া, চলাফেরায় বিধিনিষেধসহ বিভিন্ন কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‘সহপাঠীদের মোরাল পুলিশিং কিংবা বহিরাগতদের হেনস্তার দায় অনেক সময় নারী শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। নিরাপত্তার দায় শিক্ষার্থীদের ওপর না চাপিয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে’ বলে যোগ করেন তিনি।

এ সময় নারী নিরাপত্তা মঞ্চের আরেক সদস্য নাজিহা নাওয়ার বলেন, “আজকের মানববন্ধনটি মূলত ধর্ষণ ঘটনার ১০৮ দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়া এবং ছয় দফা দাবির অধিকাংশ বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে আয়োজন করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, সাইবার সুরক্ষা, ক্যাম্পাস নিরাপত্তা জোরদার ও প্রাচীর সংস্কারের মতো দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হলেও তা কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। পাশাপাশি বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণেও প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। মানববন্ধনে বক্তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাধীন ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এছাড়াও মানববন্ধনটিতে লামিসা জামানসহ অন্যান্য আরও অন্যান্য নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *