বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম বলেছেন, “বিএনপির যখন সমালোচনা করা হয়, তখন তারা মনে করে, এনসিপি তাদের বিরোধিতা করছে। তারাও যদি ধীরে ধীরে লাইনচ্যুত হয় এবং ব্যর্থতার দিকে এগিয়ে যায়, তবে তা যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর।”
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সারজিস আলম।
স্বরাষ্ট্রমন্ত্রীকে কেবল সংসদ বা বাইরে লোকদেখানো বুলির ওপর নির্ভর না করে বাস্তবিক কাজ করে দেখানোর আহ্বান জানান সারজিস আলম।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়ে যদি তিনি নিজ দায়িত্বে ব্যর্থ হন, তবে সেই অবস্থা থেকে তার বেরিয়ে আসা উচিত।”
মন্ত্রীদের নিজেদের দপ্তরের সঠিক তথ্য ও রিপোর্ট সংসদে সঠিকভাবে উপস্থাপন করার তাগিদ দেন তিনি।
ওসমান হাদি হত্যার উদাহরণ টেনে তিনি সারজিস আলম বলেন, “মূল হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হলেও সংসদে শুধু তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, যা অবাস্তব ও ধোঁয়াশাচ্ছন্ন। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিশ্চিত বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়।”
চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানুল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদ সদস্য মো. সালেহ উদ্দিন সিফাত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম প্রমুখ।
