গরম ভাতের সঙ্গী আম-চিংড়ির ভর্তা, বানাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট
বৃষ্টিভেজা দিনে গরম ভাতের সঙ্গে ঝাল-টক কোনো ভর্তা থাকলে খাওয়ার স্বাদ যেন বেড়ে যায় কয়েক গুণ। আর রান্নাঘরে বেশি সময় কাটাতে ইচ্ছে না করলে সহজেই তৈরি করে নিতে পারেন আম-চিংড়ির ভর্তা। কাঁচা আমের টক, কাঁচালঙ্কার ঝাল আর চিংড়ির স্বাদ—সব মিলিয়ে এই ভর্তা হতে পারে বর্ষার দুপুরের জমজমাট পদ।
খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। অল্প সময়েই তৈরি করা যায় এই মুখরোচক ভর্তা।
উপকরণ:
চিংড়ি মাছ ৩০০ গ্রাম। ১টি কাঁচা আম, কুচি করা। সর্ষের তেল পরিমাণমতো, রসুন ৭–৮ কোয়া, হলুদগুঁড়ো আধা চা-চামচ, গোটা সর্ষে ১ চা-চামচ, শুকনো মরিচ ২টি, কাঁচালঙ্কা ৪টি, স্বাদমতো লবণ, সামান্য চিনি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ ও সামান্য হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলো ভালোভাবে ভেজে তুলে রাখুন।
এবার একই তেলে গোটা সর্ষে ও শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে রসুন ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
এরপর কুচি করা কাঁচা আম দিয়ে দিন। সঙ্গে স্বাদমতো লবণ, সামান্য চিনি ও বাকি হলুদগুঁড়ো মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। কড়াই ঢেকে প্রায় পাঁচ মিনিট রান্না করুন, যাতে আম নরম হয়ে আসে।
এবার ভেজে রাখা চিংড়ি মাছ কড়াইয়ে দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। চিংড়ি ও আমের মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে শিলপাটা বা ভর্তা করার উপযোগী কোনো পাত্রে নিয়ে ভালো করে বেটে নিন।
তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি স্বাদের আম-চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বর্ষার দিনে এই একটি ভর্তাই ভাতের পাতে এনে দিতে পারে দারুণ তৃপ্তি।
বাপ্পি/সা.এ
