সুপারি গাছে না ওঠায় যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত


লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছেন। মাদকাসক্ত রুবেলকে আটকের জন্য খুঁজছেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিয়াদ চর রুহিতা এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন রুবেল। কিন্তু, রিয়াদ গাছে উঠবে না বলে জানিয়ে দেয়। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। আহত রিয়াদকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই রুবেল পালিয়ে যান। 

চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেছেন, “সুপারি গাছে না ওঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। এতে রিয়াদ মারা যায়। ঘাতক রুবেল পলাতক, তাকে আটকের জন্য আমরা খুঁজছি। সে মাদকাসক্ত।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *