মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে


পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রমিজ মৃধা (৩৫) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় রমিজ স্থানীয় বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় প্রতিবেশী জিসান মৃধা (২০) এসে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে রমিজের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘আহতের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয়দের ভাষ্য, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। এর কয়েকদিন পর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচআরএন/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *