বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শাহজাহান ওমর


রাজধানীর আদাবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ইসহাক জোমাদ্দার নিহত হন। মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং জামিনে মুক্ত হয়ে তার আত্মগোপনে যাওয়ার আশঙ্কা ঠেকাতে শাহজাহান ওমরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানা এবং ঝালকাঠির রাজাপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *