নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। এ সময়ে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর নতুন আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় তাঁর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং দেশের বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে তাঁকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এর আগে বাংলাদেশ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দায়িত্ব পালন করেছিল। ফলে দীর্ঘ বিরতির পর আবারও এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে বাংলাদেশের প্রতিনিধিত্বকে দেশের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বহাল থাকেন।

এর আগে ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *