অস্ত্রোপচারের পর ইবরার টিপু গাইলেন-‘আমি সবকিছু ছাড়তে পারি’
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে দীর্ঘ চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ তিনি।
সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—দীর্ঘ প্রায় দুই বছর পর আবারো গানে ফিরেছেন এই শিল্পী। হারমোনিয়াম বাজিয়ে নিজের জনপ্রিয় গান ‘আমি সবকিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারব না’ গেয়ে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান ইবরার টিপু। একই ভিডিওতে দীর্ঘ বিরতির পর হারমোনিয়াম বাজিয়ে গানও শোনান তিনি। তার কণ্ঠে আবার গান শুনে উচ্ছ্বসিত ও স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত-শ্রোতারা।
ইবরার টিপু বলেন, “প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল, কথা বলতে পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধে আবার গাইলাম। আশা করছি, আবার গাইতে পারব।”
২০২৫ সালের শুরুর দিকে পরীক্ষা-নিরীক্ষার পর ইবরার টিপুর কিডনিতে ক্যানসার শনাক্ত হয়। ওই বছরের মার্চ থেকে শুরু হয় তার কেমোথেরাপি। চিকিৎসার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়।
দ্বিতীয় অস্ত্রোপচারের পরই সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন এই শিল্পী। প্রায় হারিয়ে ফেলেন কণ্ঠস্বর। এমনকি স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়ে তার জন্য। ফলে গান গাওয়া তো দূরের কথা, দৈনন্দিন কথাবার্তাও চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে ওঠে।
তবে কঠিন সেই সময় পেরিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন ইবরার টিপু। সর্বশেষ চিকিৎসার খবর জানিয়ে তিনি বলেন, “আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটা সার্জারি হলো। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”
২০২৫ সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইবরার টিপুর একটি ছবি ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। পরে তার স্ত্রী বিন্দু কণা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই সংগীতশিল্পী।
এরপর থেকেই যুক্তরাষ্ট্রে চলছে তার দীর্ঘ চিকিৎসা। কেমোথেরাপির পাশাপাশি একাধিক অস্ত্রোপচার ও নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। চিকিৎসার কঠিন সময়ে কণ্ঠ হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হলেও ভেঙে পড়েননি ইবরার টিপু। তাই আবারো গানে ফিরতে পারাকে নিজের জন্য বড় এক অর্জন হিসেবেই দেখছেন।
হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশনের ভিডিওটি ভক্তদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ অসুস্থতার পর প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন।
এখনো পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ইবরার টিপু। পরিবার, বন্ধু, সহকর্মী ও সংগীতাঙ্গনের প্রিয় মানুষদের সঙ্গে দেখা করার জন্যও মুখিয়ে আছেন তিনি। দেশে ফেরা প্রসঙ্গে ইবরার টিপু বলেন, “পুরোপুরি সুস্থ হলেই দেশে আসব। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।”
