আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন
রাষ্ট্রপতি নির্বাচন ছিল ‘অপ্রয়োজনীয়’—এমন মন্তব্য করায় জামায়াত জোটের সংসদ সদস্য (এমপি) ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে আবু হানিফ লিখেছেন, ‘জামায়াত জোটের এমপি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজকে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন ছিল অপ্রয়োজনীয়। নাহিদ ইসলামের বক্তব্য শুনে মনে হচ্ছে, নিশ্চিত পরাজয় জেনে খেলায় অংশ নিয়ে হারার পর বলছে এই খেলারই দরকার ছিল না।’
তিনি আরও লিখেছেন, ‘বিষয়টা এমন যে, তারা জিততে পারবে না জেনেও প্রার্থী দিলো, নিজেরাও ভোট দিলো, এখন বলছে নির্বাচনটা ছিল অপ্রয়োজনীয়।’
ফেসবুকে গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের করা পোস্ট
নাহিদ ইসলামের এমন অবস্থানকে ‘ডাবল ডাবল স্ট্যান্ডার্ড’ উল্লেখ করে আবু হানিফ বলেন, ‘আমরা মনে করি এমন ডাবল ডাবল স্ট্যান্ডার্ড মার্কা বিরোধী দলেরও বাংলাদেশের প্রয়োজন ছিল না।’
বিরোধী দলের প্রতি পরামর্শ দিয়ে আবু হানিফ আরও লেখেন, ‘আগে আপনারা আপনাদের রাজনৈতিক লাইনটা ঠিক করুন, তারপর আপনারা বক্তব্য দেন।’
এমডিএএ/এমএমকে
