আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস দেশে ফিরছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।
গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
মালয়েশিয়ায় চিকিৎসার পাশাপাশি তিনি পুনর্বাসন ও ফিজিওথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়মিত ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন থাকায় মির্জা আব্বাস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন।
মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দেশে ফেরার পর শারীরিক সুস্থতা অনুযায়ী তিনি আবারো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
