এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সংকট কাটবে: রিজভী


চলমান গ্যাস সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে এবং আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি সরকারের স্পষ্ট অঙ্গীকার।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটি ইতোমধ্যে অনেকটাই ঠিক হয়েছে এবং সেখানে পুনরায় গ্যাস ভরার কাজ চলছে।

“রান্নাঘরে এখন গ্যাসের অভাবে যে চুলা অল্প জ্বলছে, সেই চুলা আবার জ্বলবে। মিল-কল-কারখানার জন্য প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থাও এক থেকে দেড় সপ্তাহের মধ্যে হবে—এটা সরকারের কমিটমেন্ট।”

অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ

রিজভী জানান, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির জন্য সরকার অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এটি বাজেটে জ্বালানি খাতে বরাদ্দের অতিরিক্ত অর্থ।

তিনি বলেন, “সরকার বসে নেই। সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।”

হরমুজ সংকটকে দায়ী করলেন

গ্যাস সংকটের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী না করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই বৈশ্বিক সংকট তৈরি হয়েছে।

তার ভাষায়, প্রণালীতে মাইন ও বোমার আশঙ্কা থাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বাংলাদেশসহ অনেক দেশ জ্বালানি সরবরাহে সমস্যায় পড়েছে।

তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প ব্যবস্থার জন্য সরকার যোগাযোগ করছে।

বিরোধী দলের আন্দোলনের জবাব

গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে রিজভী বলেন, গঠনমূলক বিরোধী দল হলে সংকটের প্রকৃত কারণ জনগণকে জানানো উচিত। তিনি দাবি করেন, সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সে কারণেই সরকার ও বিএনপির জনপ্রিয়তা বেড়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার এলাকায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, জলাভূমি পুনর্খনন এবং শিল্পবর্জ্য থেকে নদী-খাল রক্ষার উদ্যোগ জরুরি।

রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন এবং শিশুদের নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগাতে উৎসাহিত করেছেন।

অনুষ্ঠানে যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *