আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বিরিয়ানি খেলেন সাহেদ, সাক্ষ্য গ্রহণ পেছাল
দুদকের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন আগামী ৪ অক্টোবর।
এদিকে দুপুর ১২টা ৩০ মিনিটে আদালতকক্ষে ঢুকে দেখা যায় আসামি সাহেদ ও তাঁর আইনজীবী বসে একসঙ্গে বিরিয়ানি খাচ্ছেন। এ সময় বিচারক এজলাসে ছিলেন না।
পরে আদালতের পেশকার মো. জাহিদুল প্রথম আলোকে বলেন, সাহেদের আইনজীবী বিচারকের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন। খাওয়া শেষ হলে ১২টা ৪৫ মিনিটে সাহেদকে আদালতকক্ষ থেকে বের করে হাজতখানায় নেওয়া হয়।
