আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১০ সম্পাদকের বিরুদ্ধে টাকার হিসাব না দিয়ে আত্মসাতের অভিযোগের প্রতিক্রিয়ায় জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, আমাকে দেওয়া অ্যালিগেশনের (অভিযোগ) কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ৪২টি কর্মসূচিতে রাকসু ফান্ড থেকে এক কোটি ২৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ৬১ লাখ টাকার ভাউচার জমা দেওয়া হয়নি।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর রাকসুর সম্পাদকদের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়। যার প্রতিক্রিয়ায় আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন।
আম্মার ফেসবুকে লিখেছেন, “আমি আমার দায়িত্ব শেষে প্রত্যেকটা টাকার হিসাব তো দেবই, সঙ্গে সঙ্গে আমাকে দেওয়া অ্যালিগেশনের ২৩ লাখ ৮৮ হাজার টাকার কয়েকগুণ টাকা আমি শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব। আজকের তারিখ এবং এই পোস্টটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনাদের পরিকল্পনা থেকেও ‘ভয়ংকর সুন্দর পরিকল্পনা’ আমার আছে।”
আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাকসু জিএস।
মিরাজ হোসেন/এসআর
