আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০
আমেরিকার অ্যারিজোনা প্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে অকস্মিক বন্যায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। পার্ক কর্তৃপক্ষ বলছে, ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় শনিবার এই বন্যার উৎপত্তি হয়।
তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা এখনও ঘটনাস্থল খালি করা এবং ওই এলাকায় আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারে কাজ করছেন।
রোববার (৩০ আগস্ট) পর্যন্ত উপদ্রুত এলাকা থেকে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর সিএনএন-এর।
পার্ক কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়, কটনউড ক্যাম্পগ্রাউন্ড ও ফ্যান্টম রেঞ্চ এলাকা থেকে আজ আরও অনেককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই এলাকায় আটকে পড়েছেন এমন কোনো হাইকার বা ব্যাকপ্যাকারের তথ্য থাকলে তা দ্রুত পার্ক কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডেভিড গ্রেগরি নামে এক হাইকার জানান, তিনি একটি ছোট দলের সঙ্গে হাইকিং করতে এসেছিলেন। তবে, হঠাৎ বন্যা শুরু হওয়ায় তাদের পরিকল্পনা বাতিল করতে হয়। তিনি বলেন, আমরা বুঝতে পারছিলাম অনেক জঞ্জালসহ পানিপ্রবাহ দ্রুত এগিয়ে আসছে।
তিনি আরও জানান, তাদের হেলিকপ্টারে করে সেখান থেকে নিকটস্থ একটি স্কুলে নিয়ে যাওয়া হয় ও পরবর্তীতে রাতে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
শনিবার গ্র্যান্ড ক্যানিয়নে বেশ কয়েকবার ঝড় হয়। সকাল থেকে শুরু হয়, মাঝে থেমে গেলেও পরে আবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হয়। গত ২৪ ঘণ্টায় ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এএমএ
