ই-পার্লামেন্ট বাস্তবায়নে ভারতের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার


বাংলাদেশে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সংসদীয় কূটনীতির মাধ্যমে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

ভারতের পার্লামেন্টকে একটি আধুনিক পার্লামেন্ট হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে তিনি ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন।

দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাওয়াকে এ ক্ষেত্রে একটি দারুণ সুযোগ হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, দুই দেশের সংসদীয় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে দুই দেশের মধ্যে সেতুবন্ধ তৈরিতে ভারতীয় হাইকমিশনার সহায়ক ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে তা দুই দেশের জন্য অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। নিয়মিত সংসদীয় যোগাযোগ ও পারস্পরিক সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

সাক্ষাতের শুরুতে জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের চমৎকার স্থাপত্যশৈলীর প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মতবিনিময় এবং দুই দেশের পার্লামেন্টের পারস্পরিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *