ঈশ্বরদীতে মারধরে যুবককে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক যুবককে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ ও পরিবার।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় মারা যান আকিব।
নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
নিহতের পারিবার সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বের হওয়ার পর আকিব আর বাড়িতে ফেরেনেনি। বুধবার ভোরে কে বা কারা তাকে আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। খবর পেয়ে তার বাবা দ্রুত হাসপাতালে পৌঁছান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুর এলাকায় পৌঁছালে আকিবের মৃত্যু হয়।
আকিবের বাবা আনিসুর রহমানের অভিযোগ, আকিবকে মারধর করা হয়ে থাকতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন তিনি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, “নিহতের শরীরে অস্ত্রাঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, তাকে মারধর করার চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার মুত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
