চিঠি
ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি, দরজায় কড়া নাড়ার শব্দ আর হাতে ধরা একটি খাম—একসময় এই দৃশ্যগুলোই ছিল অপেক্ষার সবচেয়ে পরিচিত ছবি। দূর শহর কিংবা বিদেশে থাকা স্বজনের কাছ থেকে একটি চিঠি আসা মানেই ছিল বাড়িতে আনন্দের উপলক্ষ। খাম খুলে চিঠি পড়ার আগে তৈরি হতো কৌতূহল, পড়তে পড়তে জমত আবেগ, আর পড়া শেষে থেকে যেত দীর্ঘ এক অনুভূতি। সময়ের সঙ্গে যোগাযোগের ধরন বদলেছে, কিন্তু চিঠিকে ঘিরে তৈরি সেই স্মৃতিগুলো আজও অনেকের কাছে অমলিন।
‘চিঠি’ শুধু কিছু শব্দের সমষ্টি নয়। একটি চিঠির সঙ্গে জড়িয়ে থাকে একজন মানুষের অনুভূতি, একটি পরিবারের গল্প কিংবা একটি সময়ের স্মৃতি। হাতে লেখা কয়েকটি পাতায় জায়গা করে নিত প্রিয়জনের খবর, পরিবারের নানা কথা, অভিমান, ভালোবাসা, অপেক্ষা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা। ফলে চিঠি ছিল একই সঙ্গে যোগাযোগের মাধ্যম এবং ব্যক্তিগত স্মৃতির দলিল।
একসময় দূরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল ডাকব্যবস্থা। একটি চিঠি লিখে তা ডাকযোগে পাঠানোর পর প্রাপকের হাতে পৌঁছাতে সময় লাগত কয়েক দিন, কখনো কয়েক সপ্তাহ। এই অপেক্ষাই চিঠির সঙ্গে যুক্ত করেছিল আলাদা এক আবেগ। চিঠি কখন পৌঁছাবে, ভেতরে কী লেখা থাকবে—এসব নিয়ে অপেক্ষা করতেন প্রাপক। অনেক সময় প্রিয় মানুষের হাতের লেখা দেখেই চিঠির খামের ভেতরের অনুভূতি যেন কিছুটা আঁচ করা যেত।
চিঠির এই দীর্ঘ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন ডাকপিয়ন। শহর কিংবা গ্রামের পথে পথে হেঁটে বা সাইকেলে করে তিনি পৌঁছে দিতেন মানুষের ব্যক্তিগত খবর। তাঁর ব্যাগে থাকা প্রতিটি খামের সঙ্গে জড়িয়ে থাকত ভিন্ন ভিন্ন গল্প। কোনোটি হয়তো দূরে থাকা সন্তানের লেখা, কোনোটি স্বামীর, কোনোটি বন্ধুর কিংবা বহুদিনের অপেক্ষার পর আসা প্রিয়জনের চিঠি।
নতুন প্রজন্মের কেউ কেউ গোপন পরিচয়ে চিঠি লেখার চেষ্টা করছে। তারপরও চিঠি মানুষের স্মৃতিতে টিকে থাকবে—সময়ের দলিল ও সম্পর্কের স্মারক হিসেবে।
বিশেষ করে প্রবাসী ও দূরে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিঠির গুরুত্ব ছিল অনেক বেশি। মোবাইল বা ইন্টারনেটের সহজলভ্যতার আগে পরিবারের খবর জানার জন্য মানুষকে অপেক্ষা করতে হতো চিঠির। কয়েক পাতার সেই কাগজে উঠে আসত পরিবারের ছোট-বড় নানা ঘটনা। সন্তানের পড়াশোনার খবর, মায়ের অসুস্থতা, বাবার উপদেশ কিংবা প্রিয়জনের অভিমান—সবকিছুই হয়ে উঠত চিঠির অংশ।
তবে প্রযুক্তির দ্রুত বিকাশ সেই বাস্তবতাকে বদলে দিয়েছে। মোবাইল, ই-মেইল, মেসেঞ্জার ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন মুহূর্তেই পাঠানো যায় বার্তা। পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষের সঙ্গে কথা বলতেও অপেক্ষা করতে হয় না। ভিডিও কলের মাধ্যমে দেখা যায় মুখও। যোগাযোগের এই সহজলভ্যতা চিঠির প্রয়োজনীয়তাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’- গানের এই লাইনগুলো একসময় বাস্তব ছিল। প্রিয়জনের হাতের ছোঁয়ামাখা একটি চিঠির জন্য ডাকপিয়নের পথ চেয়ে থাকার সেই মধুর প্রতীক্ষার দিনগুলো এখন অনেকটাই স্মৃতি।
তারপরও চিঠি পুরোপুরি হারিয়ে যায়নি। বরং নতুন প্রজন্মের একটি অংশ ভিন্নভাবে চিঠির আবেগকে ধরে রাখার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চিঠি মি’-এর মতো প্ল্যাটফর্ম ও উদ্যোগে অনেকে পরিচয় গোপন রেখে চিঠি লিখছেন। সেখানে ভালোবাসার কথা যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি কেউ জানাচ্ছেন অভিমান, কৃতজ্ঞতা কিংবা এমন কিছু অনুভূতি, যা সরাসরি বলা সম্ভব হয়নি।
এখানেই চিঠির সঙ্গে বর্তমান সময়ের যোগাযোগব্যবস্থার একটি মৌলিক পার্থক্য দেখা যায়। তাৎক্ষণিক বার্তায় যোগাযোগ দ্রুত হলেও হাতে লেখা চিঠির মতো ব্যক্তিগত স্পর্শ সেখানে সব সময় থাকে না। একটি হাতে লেখা চিঠিতে লেখকের হাতের লেখা, কাগজের ভাঁজ, কালি কিংবা লেখার ধরন—সবকিছুই স্মৃতির অংশ হয়ে ওঠে। ফলে চিঠি পড়ে শেষ হয়ে গেলেও সেটি সংরক্ষণ করে রাখার প্রবণতা তৈরি হয়।
অনেকের ঘরে এখনো পুরোনো চিঠির বান্ডিল কিংবা বাক্সে যত্ন করে রাখা কয়েকটি খাম পাওয়া যায়। বছরের পর বছর পর সেই চিঠি হাতে নিলে কাগজের অক্ষরের সঙ্গে ফিরে আসে পুরোনো সময়। কোনো প্রিয় মানুষের স্মৃতি, হারিয়ে যাওয়া সম্পর্ক কিংবা জীবনের বিশেষ কোনো মুহূর্ত আবারও চোখের সামনে ভেসে ওঠে। চিঠির মূল্য তখন আর যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে স্মৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন।
প্রযুক্তি মানুষের যোগাযোগকে দ্রুত করেছে, সহজ করেছে। কিন্তু যোগাযোগের এই গতি অপেক্ষার যে আবেগকে একসময় তৈরি করত, তা অনেকটাই কমিয়ে দিয়েছে। চিঠির যুগে একটি বার্তার জন্য অপেক্ষা ছিল যোগাযোগেরই অংশ। আর সেই অপেক্ষার মধ্যেই তৈরি হতো প্রত্যাশা, কৌতূহল ও অনুভূতির গভীরতা।
চিঠি হয়তো আজ আর মানুষের দৈনন্দিন যোগাযোগের প্রধান মাধ্যম নয়। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টির জন্য অপেক্ষা করাও এখন প্রায় অতীতের গল্প। তবুও চিঠি হারিয়ে যায়নি মানুষের স্মৃতি থেকে। কারণ, চিঠি শুধু একজনের কাছ থেকে অন্যজনের কাছে পৌঁছে যাওয়া একটি বার্তা নয়—এটি একটি সময়ের দলিল, সম্পর্কের স্মারক এবং মানুষের অনুভূতি ধরে রাখার এক অনন্য মাধ্যম।
যোগাযোগ যতই দ্রুত হোক, কিছু অনুভূতির মূল্য হয়তো অপেক্ষাতেই। আর সেই অপেক্ষার সবচেয়ে সুন্দর স্মারকগুলোর একটি হয়ে চিঠি হয়তো টিকে থাকবে মানুষের স্মৃতিতে—কাগজের পাতায়, বিবর্ণ অক্ষরে, পুরোনো কোনো খামের ভাঁজে।
*লেখক: নুসরাত জাহান অর্পিতা, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com
