উচ্চশিক্ষার জন্য রাশিয়া গিয়েছিলেন, ফিরলেন লাশ হয়ে
প্রকাশিত: ২২:৩০, ২ আগস্ট ২০২৬
আপডেট: ২২:৩৮, ২ আগস্ট ২০২৬
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অনিক বিশ্বাস
উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন কুষ্টিয়ার অনিক বিশ্বাস (২৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে পড়ে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফিরেছেন তিনি।
রবিবার (২ আগস্ট) দুপুরে তার মরদেহ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা এলাকায় নিজ বাড়িতে পৌঁছায়।
অনিক একই গ্রামের মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়ে মারা যান অনিক।
নিহতের চাচা মুফতি আলী হোসেন ফারকী বলেন, অনিক ছোট থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিল। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে পরিবারের পাশাপাশি এলাকার মানুষেরও গর্বের কারণ হয়েছিলেন। প্রায় আড়াই বছর আগে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। গত ২১ জুন খবর আসে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে অনিকের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে পড়ল সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢাকা/কাঞ্চন/রাজীব

