উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী
পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “যেখানে সার নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল, সেখানেই গুদাম লুটের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরে মাথায় করে সারের বস্তা ফিরিয়ে দিচ্ছেন। দেশে বাস্তবে সারের কোনো সংকট নেই। কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।”
দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “কিছু গণমাধ্যমে যশোরে বিদ্যুৎ না থাকার কারণে মাছ মারা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। সেখানে বিদ্যুৎ ছিল না মাত্র ৪০ মিনিট। ৪০ মিনিট বিদ্যুৎ না থাকলে সত্যিই মাছ মারা যেতে পারে কি না-এ প্রশ্ন জনগণের কাছেই রাখতে চাই।”
মন্ত্রী বলেন, “বিগত ১৯ বছরের শাসনের সঙ্গে সম্পৃক্ত কিছু দোসর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ডা. জাহিদ বলেন, “তাদের সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।”
বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অফিস ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার সমালোচনা করে তিনি বলেন, “বিদ্যুৎ না থাকলে অফিস ভাঙচুর বা কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে বিদ্যুৎ পাওয়া যাবে না। মানুষের শরীরে বা অফিসে বিদ্যুৎ থাকে না। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতি বুঝে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
সাধারণ মানুষকে গুজব ও উসকানিতে কান না দিয়ে ধৈর্য ধরার, আইন নিজের হাতে তুলে না নেওয়ার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
