একই সঙ্গে বিজ্ঞাপন দিয়ে পাত্র ও পাত্রী খুঁজছেন শুভ ও কেয়া পায়েল 


দুটি ভিন্ন বিয়ের বিজ্ঞাপন যেন এই বিজ্ঞাপন দুটিকে কেন্দ্র করে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। পত্রিকার পাতায় প্রকাশিত এই বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপনের মতো দেখতে হলেও পাঠকদের চোখ আটকে গেছে পাত্র ও পাত্রীর ছবির জায়গায়। সেখানে শোভা পাচ্ছে শোবিজের দুই পরিচিত মুখ—চিত্রনায়ক আরিফিন শুভ এবং অভিনেত্রী কেয়া পায়েল।

একটি বিজ্ঞাপনে ‘পাত্র চাই’ শিরোনামে উল্লেখ করা হয়েছে পাত্রের নাম ‘আনিসুর রহমান আনিস’। ৩৫ বছর বয়সী এই পাত্র পেশায় সরকারি প্রকৌশলী। বিজ্ঞাপনে তাকে নম্র, সৎ, দায়িত্বশীল এবং রান্নায় পারদর্শী হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে—সম্পন্ন ও সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী পাত্রীর পাশাপাশি পাত্রের ছোট ভাইবোনদের নিজের পরিবারের মতো দায়িত্ব নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই পাত্রের ছবির জায়গাতেই দেখা মিলেছে চিত্রনায়ক আরিফিন শুভর।

অন্যদিকে, ঠিক পাশেই প্রকাশিত ‘পাত্রী চাই’ বিজ্ঞাপনে পাত্রীর নাম লেখা হয়েছে ‘অনামিকা অনু’। ২৪ বছর বয়সী এই তরুণীকে নৃত্যকলায় দক্ষ এবং পেশায় ইনফ্লুয়েন্সার হিসেবে তুলে ধরা হয়েছে। আর এই বিজ্ঞাপনে পাত্রীর ছবির জায়গায় ব্যবহার করা হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের ছবি।

তবে বিজ্ঞাপনের নিচে ছোট করে লেখা ‘বিজ্ঞাপনী স্বার্থে প্রচারিত’ লাইনটিই সমাধান করে দেয় পুরো ধাঁধা।

জানা গেছে, শুভ ও কেয়া পায়েল অভিনীত আসন্ন সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই সাজানো হয়েছিল এই অভিনব উদ্যোগ। সিনেমায় শুভর চরিত্রের নাম আনিস আর কেয়া পায়েলের চরিত্রের নাম অনামিকা—বিজ্ঞাপনের পাত্র-পাত্রীর নামের সঙ্গে যার মিল স্পষ্ট।


সুতরাং বাস্তবে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন না শুভ; বরং এটি ছিল নিছক প্রচারণার কৌশল। আনিস-অনামিকার সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গড়ায়, তা জানা যাবে সিনেমা মুক্তির পরই।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *