একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন


৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্পে তিনটি ১৫ তলা এবং দুটি চারতলা ভবন নির্মাণ করা হবে। একই সভায় ৪ হাজার ৯৬৪ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত ঢাকা মেডিকেল কলেজের স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৪ কোটি টাকা। দীর্ঘদিনের পুরোনো ও ব্যবহার অনুপযোগী ভবনগুলোর পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসন সুবিধা বাড়ানো হবে।

প্রকল্পের আওতায় তিনটি ১৫ তলা ও দুটি চারতলা ভবন নির্মাণ করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া একনেক সভায় দেশের ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে আরও দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে।

একনেকে অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মোট ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৯৫৮ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক, পানিসম্পদ, বিদ্যুৎ, প্রাণিসম্পদ ও গ্রামীণ যোগাযোগ খাতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৪ কোটি টাকা।

এদিকে একনেক সভায় অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হলেও দুটি প্রকল্প অনুমোদন পায়নি। জ্বালানি সংকট মোকাবিলায় ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প এবং তুরাগ নদী সুরক্ষার ঢাকা মেট্রো প্রকল্প অনুমোদনের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প প্রস্তাবগুলো আরও যাচাই-বাছাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রকল্প প্রস্তাব আরও পর্যালোচনা ও যাচাইয়ের প্রয়োজন থাকায় দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *