এক কাপ নীল চা-ই হতে পারে সুস্থতার সঙ্গী, নিয়ন্ত্রণে রাখতে পারে সুগার ও মানসিক চাপ


চা প্রেমীদের কাছে দুধ-চিনি দেওয়া চায়ের বিকল্প হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন ভেষজ চা। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে নীল চা বা ‘ব্লু টি’। ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করার মাত্রা কমানো এবং মানসিক প্রশান্তি পেতে অনেকেই এখন এই চায়ের দিকে ঝুঁকছেন।

অপরাজিতা ফুল থেকে তৈরি এই নীল চা শুধু দেখতে আকর্ষণীয় নয়, এতে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতাও। তাজা বা শুকনো অপরাজিতা ফুল গরম পানিতে ফুটিয়ে তৈরি করা হয় এই ভেষজ পানীয়।

কেন উপকারী নীল চা?

অপরাজিতা ফুলে রয়েছে অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত এই চা পান করলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমতে পারে।

এছাড়া মানসিক চাপ কমানো, মনকে শান্ত রাখা এবং বিষণ্নতার লক্ষণ হ্রাসে এই চা সহায়ক বলে মনে করা হয়। স্নায়ুতন্ত্রের সুস্থতাতেও এর ইতিবাচক ভূমিকা থাকতে পারে।

গবেষণায় দেখা গেছে, অপরাজিতা ফুলের নির্যাস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী পানীয় হিসেবে বিবেচিত হয়।

হজমের সমস্যা, পেট ফাঁপা কিংবা ক্ষুধামন্দা দূর করতেও নীল চা সাহায্য করতে পারে। পাশাপাশি এতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। শুষ্ক ত্বক বা অতিরিক্ত চুল পড়ার সমস্যায়ও উপকার মিলতে পারে।

ছবি: সংগৃহীত

কীভাবে তৈরি করবেন নীল চা?

উপকরণ:

৪–৫টি তাজা বা শুকনো অপরাজিতা ফুল, ১ কাপ পানি, ১ চা-চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস।

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি পাত্রে এক কাপ পানি ফুটিয়ে নিন। এরপর ভালোভাবে ধোয়া অপরাজিতা ফুল পানিতে দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করুন। পাত্রটি ৩ থেকে ৫ মিনিট ঢেকে রাখুন যাতে ফুলের নির্যাস পানিতে মিশে যায়। পরে ছেঁকে নিয়ে এতে মধু ও লেবুর রস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

স্বাদ ও স্বাস্থ্যগুণ—দুইয়ের সমন্বয়ে নীল চা হতে পারে দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি উপকারী সংযোজন। তবে কোনো রোগের চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবেই এটি গ্রহণ করা উচিত।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *