মহানবী (সা.) যেভাবে সুসংবাদ দিতেন
ইসলামের শুরুর দিনগুলোতে মক্কায় যখন একদল নিরীহ মানুষ বিশ্বাস ধরে রাখার অপরাধে নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন রাসুল (সা.) তাদের তাদের এমন এক সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন, যা তখনকার বাস্তবতায় ছিল অকল্পনীয়।
কোরাইশদের শত রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করতেন, “হে লোকসকল, তোমরা বলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই), তবেই তোমরা সফল হবে; এর মাধ্যমে তোমরা আরব জাহানের নেতৃত্ব পাবে, অনারবরাও তোমাদের কাছে নত হবে আর পরকালে তোমরা বেহেশতের অধিপতি হবে।” (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/২১৬, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)
রাসুল (সা.) এ কথাও বলেছেন, “আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, যে বান্দা অন্তরের গভীর বিশ্বাস নিয়ে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল, তারপর ভারসাম্যপূর্ণ জীবনযাপন করবে—সে নিশ্চিতভাবেই বেহেশতে প্রবেশ করবে।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২২১৮৭)
তিনি আরও বলেন, “এই উম্মতকে সুসংবাদ দাও গৌরব, উচ্চ মর্যাদা, চূড়ান্ত বিজয় ও পৃথিবীতে তাদের প্রতিষ্ঠার। তবে তাদের মধ্য থেকে যে ব্যক্তি আখেরাতের কাজ পার্থিব লাভের জন্য করবে, পরকালে তার কোনো অংশ থাকবে না।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২১২৮৮)
