কান্তজির মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজির মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই মন্দির পরিদর্শনে যান।
মন্দিরে পৌঁছালে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন। পরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন টেরাকোটাশিল্পে সমৃদ্ধ কান্তজির মন্দির ঘুরে দেখেন এবং এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কান্তজির মন্দির দেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। টেরাকোটার নান্দনিক কারুকাজের জন্য এটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত।
