কালিয়ায় ট্রাকের পেছনে ইটভাঙার ট্রলির ধাক্কা, ট্রলির চালক নিহত
নড়াইলের কালিয়ায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইটভাঙার ট্রলি চালক মুত্তাকাব্বির সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। কালিয়ার চাচুড়ি বাজার এলাকায় সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ইটভাঙা ট্রলির চালক মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচুড়ি বাজারের একটি দোকানের মালামাল খালাসের জন্য একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করানো ছিল। একই সময়ে বারইপাড়া থেকে কাজ শেষ করে একজন সহকারীকে সঙ্গে নিয়ে ইটভাঙা ট্রলিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুত্তাকাব্বির। চাচুড়ি বাজারের সেতু থেকে নামার সময় হঠাৎ ট্রলিটির ব্রেক ফেল করে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙ্গা ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক মুত্তাকাব্বির গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার সহকারী কোনো ধরনের আঘাত পাননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।
কুশল/সাএ
