নেপালে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু
নেপালের নুয়াকোট ও ধাদিঙ জেলায় ভোতে কোশি নদীর আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ১০৫ জন ভারতীয়সহ আরো অনেকে নিখোঁজ রয়েছেন। নেপালি গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যার পানি সীমান্তের তিব্বত দিক থেকে এসে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং বেশ কয়েকটি গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে।
কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র, উপ-মহাপরিদর্শক অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিঙ জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যা-আক্রান্ত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক।
এক কর্মকর্তা জানান, রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
নেপাল সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মী মোতায়েন করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।”
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, বন্যায় তাদের অন্তত ছয়টি প্রধান জলবিদ্যুৎ ও সঞ্চালন কেন্দ্র— রাসুয়াগধি, চিলিমে, ত্রিশুলি ৩এ, ত্রিশুলি ৩বি হাব ২২০ কেভি সাবস্টেশন, ত্রিশুলি জলবিদ্যুৎ কেন্দ্র এবং দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটি বলেছে, “এই দুর্যোগ কর্তৃপক্ষের উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে… যার ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।”
