ক্যাফেটেরিয়ার খাবারে মিললো টিকটিকি


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি পাওয়ার দাবি করেন এক শিক্ষার্থী। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে রুমে এসে খেতে গিয়ে দেখি পটল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি। ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার খান। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে ফুড পয়জনিংয়ের মতো ঝুঁকি তৈরি হতে পারে। সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্ক হওয়া উচিত।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, ‘আমরা সবসময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি। রান্নার সময় যদি পড়ে থাকত, তবে তা গলে যাওয়ার কথা ছিল, কারণ টিকটিকির শরীর নরম থাকে। এটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন এবং তার দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *