খুলনায় ‘আরমান বাহিনীর’ প্রধান গ্রেপ্তার 


খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা সন্ত্রাসী গ্রুপ ‘আরমান বাহিনী’র প্রধান আরমান হোসেন দীপু ওরফে শুটার আরমান ওরফে আরমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-৬-এর খুলনা সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

এর আগে রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি শর্টগান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়।

গ্রেপ্তার আরমান খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. আসাদুজ্জামান ওরফে মিন্টুর ছেলে। তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ মসজিদের মধ্যে গুলি চালিয়ে দুজনকে হত্যা প্রচেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব- ৬-এর উপ-অধিনায়ক মো. নাজমুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান জানান, গত ১৭ জুন দৌলতপুরে মসজিদে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়া দৌলতপুর ও আড়ংঘাটা এলাকায় ৮-১০ জনের এক সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছিলেন। আরমান সৌদি আরব ও মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশি নম্বর থেকে ব্যবসায়ীদের হোয়াটসঅ্যাপে কল করে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বা প্রাণনাশের হুমকি দিতেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আরমান এর আগে খুলনার অপর শীর্ষ সন্ত্রাসী হুমায়ুন কবির ওরফে হুমা গ্রুপের সদস্য ছিলেন। পরবর্তীতে বেরিয়ে এসে নিজেই আরমান বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপ গঠন করেন। তার গ্রুপে ৮-১০ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরমানের পূর্ব অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তার বিরুদ্ধে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও হত্যাচেষ্টা মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মামুন মোল্লা, মারজান মুন্না, কালা রানা, ঘাউড়া রাজিব, যুবদল নেতা রাশু, মনিরুল ইসলাম রনি হত্যা এবং দৌলতপুর মসজিদে দুই মুসল্লিকে হত্যাচেষ্টা মামলা। আরমান বাহিনীর অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *