খুলনার লবণচরায় ৩ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নিহত হন নাজমুল (১৯) নামের এক যুবক। দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মনির হোসেনের ছেলে নাজমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তারপরও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আমরা দ্রুত আসামিদের ধরতে তৎপর রয়েছি এবং একই সঙ্গে তদন্ত চলমান রয়েছে।’
অন্যদিকে পুলিশ জানায়, সন্ধ্যায় নিহত মঞ্জুরুল ওই এলাকার খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে খেলা কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এআরএএন/একিউএফ
