দীপু মনির স্বামীর জানাজায় অস্থিরতার চেষ্টার অভিযোগ, যুবক কারাগারে
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় প্রত্যয়কে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের বিভিন্ন মিছিল ও সভায় নেতৃত্ব দিয়েছেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গুলশানের আজাদ মসজিদ-সংলগ্ন এলাকায় তৌফিক নেওয়াজের জানাজাকে কেন্দ্র করে প্রত্যয় তার সহযোগীদের নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
শুনানিতে প্রত্যয়ের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৭ আগস্ট গুলশান-১ এলাকায় একটি গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মামলায় প্রত্যয়ের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এমডিএএ/এসআর
