গাছ থেকে পড়ে আহত চোর, ডাকলেন বাড়ির মালিককে


বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন দবির হোসেন (২৭) নামে এক যুবক। তিনি এতটাই আহত হন যে পালাতে না পেরে বাড়ির মালিককে ডেকে ঘুম থেকে উঠিয়ে নিজেকে চোর পরিচয় দিয়ে ঘটনার বর্ণনা দেন এবং তাকে হাসপাতালে পাঠানোর অনুরোধ জানান। বাড়ির মালিক পুলিশকে খবর দেন। তারা এসে দবিরকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদরের খারাখান্দা এলাকায় বেলাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটে। 

আহত দবির হোসেনকে উদ্ধার করা এসআই শামীম জানান, শুক্রবার মধ্যরাতে খারাকান্দা এলাকার বাসিন্দা বেলাল হোসেনের বাগানে ডাব চুরির জন্য গাছে ওঠেন দবির। এসময় করাত দিয়ে কিছু ডাব কেটে নিচে ফেলেন তিনি। ডাব পাড়ার সময় হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় করাতের আঘাত লাগলে শত শত ভিমরুল আক্রমণ করে তাকে। এ সময় তিনি গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পান। 

তিনি জানান, আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি পালানোর মতো অবস্থায় ছিলেন না। সকাল হতেই দবির নিজেকে বাঁচানোর জন্য বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করেন। বাড়ির মালিক বেলাল হোসেন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাড়ির মালিক বেলাল হোসেন বলেন, “ডাক চিৎকার শুনে গিয়ে দেখি, দবির উঠে দাঁড়ানো তো দূরের কথা এপাশ ওপাশ করতেও পারছেন না। আমি ভয় পেয়ে পুলিশকে খবর দেই। আমি তার নামে কোনো অভিযোগ করতে চাই না।” 

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *