গ্রিন রোডের রুপসা রেস্তোরাঁয় লাখ টাকা জরিমানা
রাজধানীর গ্রিন রোডের রুপসা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রান্নাঘর নোংরা ও অপরিচ্ছন্নসহ বিভিন্ন কারণে সোমবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী হাকিম সিরাজুম মুনীরা কায়ছান এ জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার। মেঝে ভাঙা, রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মসলা সংরক্ষণ করতে দেখা গেছে।”
এ ছাড়া রেস্তোরাঁ নিবন্ধন সনদ, ‘প্রিমিসেস লাইসেন্স’, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এক লাখ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
