জয়পুরহাটে আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল
জয়পুরহাটে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ থাকার প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় সচল হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে ৯টার দিকে পুরানাপৈল এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। ফলে রেললাইনেই আটকা পড়ে ট্রেনটি। এতে জয়পুরহাটসহ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পরে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন এসে ট্রেনটির চাকা মেরামত করার আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পুরানাপৈল থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেন। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। অনেক যাত্রী বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে যাওয়ার চেষ্টাও করেছেন।
ট্রেনের যাত্রী মো. মিলন হোসেন জানান, সকালের দিকে হিলি রেলস্টেশন থেকে রাজশাহীর যাওয়ার উদ্দেশ্যে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পাঁচবিবি রেলস্টেশনে পার হয়ে পুরানাপৈল নামক এলাকায় হঠাৎ করে ট্রেনের পিছনের বগিতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। এতে করে ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা ছোটাছুটি করেন। এর কিছুক্ষণ পর চালক ট্রেনটি থামান।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের লোকো মাষ্টার এল এম সানোয়ার হোসেন ‘জাগো নিউজ’ কে বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করে পুরানাপৈল এলাকায় পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিন থেকে পিছনের তিন নাম্বার বগির চাকার স্প্রেপিং ভেঙে যায়। তখন দ্রুত ট্রেনটি থামাই এবং কন্ট্রোল রুমকে অবগত করি। পরে তাঁরা এসে ট্রেনটি মেরামত করে পুনরায় চালু করা হয়। তবে প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
মো. আল-কারিয়া চৌধুরী/কেজে/এএসএম
