জাতীয় প্রেস ক্লাবের সামনে কথিত মানববন্ধনের তীব্র প্রতিবাদ কালীগঞ্জ বিএনপি ও পৌর বিএনপির


রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্প্রতি অনুষ্ঠিত একটি মানববন্ধনে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যক্তি ও নেতাকর্মীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংগঠনটি।

উপজেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত তথাকথিত মানববন্ধন থেকে কালীগঞ্জের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি এবং অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটসহ নানা কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত, বানোয়াট ও রাজনৈতিক হীনউদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীদের অধিকাংশই স্থানীয় নন। মূলত বহিরাগত ও ভাড়াটে লোকজনকে এনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করিয়ে কালীগঞ্জের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নির্দিষ্ট কিছু নেতার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও তথাকথিত ‘বট বাহিনী’ এ ধরনের অপপ্রচারে মদদ ও সমর্থন দিয়ে যাচ্ছে বলেও এতে অভিযোগ করা হয়।

নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ আইনগত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। কিন্তু সাজানো মানববন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদলিপিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীদের পরিচয় ও স্থানীয় সংশ্লিষ্টতা যাচাই, মানববন্ধনের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা তদন্ত এবং প্রচারিত অভিযোগ ও ভিডিও-ছবির সত্যতা যাচাইয়ের জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন— কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাস্টার এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *