জাবি শিক্ষার্থীর অভিযোগ অস্বীকার, প্রশাসনের তদন্ত চাইলেন কর্মচারী নেতৃবৃন্দ 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪ জাগরণী হলের ক্লিনার রাবেয়া বেগম ও তার মেয়ে শারমিন আক্তার পূর্ণিমার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে কর্মচারী নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুর রহিম।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাবেয়া বেগম ও তার মেয়ে সম্প্রতি কর্মচারী সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেককে নিয়ে যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

টাকা লেনদেনের বিষয়ে তিনি বলেন, আফাজ উদ্দিন ও রাবেয়া বেগমের মধ্যকার টাকা লেনদেনের বিষয়টি তাদের ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে কোনো কর্মচারী নেতা অবগত নন। বিষয়টি আদালতের রায়ের সঙ্গে সংশ্লিষ্ট বলেও উল্লেখ করা হয়।

তাদের নিজেদের মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়ে থাকলে সেটির সঙ্গে কর্মচারী সমিতি বা ইউনিয়নের নেতাদের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। তারা আরও বলেন, রাবেয়া বেগমের মেয়ে পূর্ণিমা তাদের কাছে সন্তানতুল্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মচারী নেতাদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার মতো অভিযোগও তারা অস্বীকার করেছেন। তাদের দাবি, সহকর্মীর সন্তানতুল্য একজন মেয়ের সঙ্গে এ ধরনের আচরণের প্রশ্নই আসে না। অন্যের প্ররোচনায় তাদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তারা।

এসময় কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আফাজ উদ্দিন ও রাবেয়া বেগম দুজনই আমাদের সহকর্মী। তাদের বিষয়গুলো নিয়ে অন্য কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেটি সমাধান হয়েছে।

আফাজের চেক জালিয়াতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কর্মচারী ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আফাজের সাথে চেক জালিয়াতি ও মামলা নিয়ে যে অভিযোগগুলো উত্থাপন হচ্ছে সেটি আদালতে চলমান দেখে আমরা এর সুরাহা করার ক্ষমতা রাখিনা।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন কর্মচারী নেতারা।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *