জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের


জামালপুরের দুই উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বুলি বেগম নামে এক নারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা সদর এবং বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার রাজু (১৪) ও তার মা লাকী আক্তার (৪০)। এছাড়া মেলান্দহ উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।

জানা গেছে, রাজু উপজেলার পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে। জোনায়েদ হাসান তায়িব দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু সেটি মেরামতের চেষ্টা করে। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যান মা লাকী আক্তার (৪০)। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে চোখের সামনে নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে উদ্ধার করতে এগিয়ে যান দাদি বুলি বেগম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

অন্যদিকে একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্লাসের বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায় তায়িব। পরে ছুটির পর বই আনতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হৃদয় আহম্মেদ/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *