ধূমপান বন্ধে আইন আছে, মাঠে নেই প্রয়োগ: ডা. জাহিদ


ধূমপান নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ধূমপানের বিরুদ্ধে শুধু আইন করলেই হবে না, সেই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধূমপান থেকেই অনেক সময় মানুষ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই মাদক প্রতিরোধে ধূমপান নিয়ন্ত্রণকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পর্যায়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে। কিন্তু সেই আইন বাস্তবে কতটা প্রয়োগ হচ্ছে, সেটিও খতিয়ে দেখা দরকার। মোটরসাইকেল চালানোর সময় কিংবা রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অনেককেই ধূমপান করতে দেখা যায়। অথচ আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য ৫০, ১০০ বা ২০০ টাকা জরিমানা করা হলেও মানুষের মধ্যে অন্তত এই ধারণাটি তৈরি হবে যে, প্রকাশ্যে ধূমপান একটি অপরাধ। আইন প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব।

মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে। এসব কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় বাল্যবিবাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, দেশে এখনো ৫১ শতাংশ বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ-তরুণীদের ২০ বছর বয়সের আগে সন্তান না নেওয়ার বিষয়ে উৎসাহিত করা প্রয়োজন। এতে মায়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশও ভালো হবে।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *