নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


নড়াইলের লোহাগড়ায় তুলি বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তুলি বেগম পৌরসভার মোচড়া গ্রামের ইলিয়াস শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে বেলটিয়া গ্রামের রবিন মোল্যার সঙ্গে তুলির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় রবিন যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতেন বলে অভিযোগ পরিবারের।

একপর্যায়ে তুলির বাবা ইলিয়াস শেখ রবিনকে ৫০ হাজার টাকা দেন। তবে, কিছুদিন না যেতেই রবিন ফের টাকার জন্য তুলিকে চাপ দিন। এ নিয়ে শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার বিকেলে পুলিশ গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুলির মরদেহ উদ্ধার করে।

তুলির বাবা ইলিয়াস শেখ অভিযোগ করেন, তার মেয়ের গলা, কান, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যৌতুকের টাকার জন্য রবিন ও তার পরিবারের সদস্যরা তুলিকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে রবিন মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *