নতুন সিনেমা ‘যাযাবর’-এ সজল-ভাবনা
অভিনেতা আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা জুটি হয়ে আসছেন ‘যাযাবর’ নামের এক সিনেমায়। থ্রিলার ও অ্যাকশন ঘরানার গল্পে বানানো হচ্ছে সিনেমাটি।
সিনে মিডিয়ার ব্যানারে ‘যাযাবর’ পরিচালনা করছেন তানবীর হাসান। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। চলতি মাসের শেষ দিকেই দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নির্মাতা তানবীর হাসান বলেন, “রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস, দর্শক হলে গিয়ে শেষ পর্যন্ত থ্রিল উপভোগ করবেন।”
ছোটপর্দায় একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও ভাবনা। এবারই প্রথম অভিনয় করছেন চলচ্চিত্রে।
উচ্ছ্বস প্রকাশ করে ভাবনা বলেন, “সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। সিনেমার গল্পটি দারুণ, আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।”
সজল বলেন, “গল্পের বুননটা খুব ভালো লেগেছে। ভাবনা আমার একজন প্রিয় অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে সিনেমায় জুটি বাঁধছি, আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।”
সজল ও ভাবনা ছাড়াও এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা ও ইকবাল।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
