নবীজির মা মারা যান কখন ও কোথায়
দুধমাতা হালিমা সাদিয়ার কাছে শৈশবের প্রথম পর্ব কাটিয়ে মক্কায় ফেরার পর মা আমেনা তাঁর ছয় বছর বয়সী পুত্রকে নিয়ে ইয়াসরিবে (মদিনায়) যাওয়ার সিদ্ধান্ত নেন।
এর পেছনে পারিবারিক কারণ ছিল দুটি: এক. প্রয়াত স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করা, দুই. প্রপিতামহ হাশিমের সূত্রে মদিনার বনু আদি ইবনে নাজ্জার গোত্রের আত্মীয়দের সঙ্গে শিশু মুহাম্মদের পরিচয় করিয়ে দেওয়া। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/১১৬, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)
মা আমেনা, শিশু মুহাম্মদ আর তাঁদের বিশ্বস্ত পরিচারিকা উম্মে আইমান—এই ছোট্ট কাফেলাটি তৎকালীন প্রধান বাণিজ্যপথ ধরে মদিনায় পৌঁছে বনু নাজ্জারের পারিবারিক আবাসে প্রায় এক মাস অবস্থান করে। (ইবনে হিশাম, আবু মুহাম্মদ আবদুল মালিক, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/১৬৮, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৯০)
