সিরাজগঞ্জে গোখাদ্যবাহী ট্রাকে ৪ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মাদক বহনকারী গোখাদ্য ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোর রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজায় ঢাকাগামী লেনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু বক্কর (৪৪), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে সোহাগ আলী (১৯)। সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যমুনা সেতু টোলপ্লাজার ঢাকাগামী লেনে অস্থায়ী চেক স্থাপন করেন। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্টা-ট-২৪-০৩৫৭) নম্বরে একটি একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে ৪ কেজি ৩৩০গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক চার কোটি টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী আবু বক্করের বিরুদ্ধে ঢাকা মেট্টো পুলিশের দারুস সালাম থানায় মামলা রয়েছে। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
