নরসিংদীতে মাদক সেবনের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক


নরসিংদীর বেলাবোতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) এবং মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)। শামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে কনস্টেবল শামসুল ইসলামসহ কয়েকজন মাদক কারবারির সঙ্গে মাদক সেবনে লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই বাগানবাড়ি ঘেরাও করে তাদের আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে থানায় নিয়ে যায়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন সে যে কেউই হোক। 

এদিকে, এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে মো. জীবন মিয়া (২৮) নামে বেলাবো থানায় কর্মরত আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, বেলাবোর বারৈচা বাজার থেকে এক মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছেন। পরে খামারের চর এলাকার এএনএম উচ্চবিদ্যালয়সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয় ডিবির একটি দল। সেখানে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে জীবন মিয়াকে আটক করা হয়।

জীবন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বেলাবো থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ছিলেন।

পরপর দুই ঘটনায় বেলাবো থানার দুই পুলিশ সদস্যের মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *