নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন ডিসি
নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে এসব জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বুধবার (১৯ আগস্ট) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নূর-ই-আলম।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমাইয়া আক্তারকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব নিক ইরফান জাহানকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
