নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু


নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উজাইফা (১০), হাফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দুপুরের দিকে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদের দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *