নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ফের বন্যা পরিস্থিতি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
সোমবার (১৭ আগস্ট) কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। এতে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নন্দীগ্রাম, হলদিয়াসহ একাধিক এলাকায় পানি জমেছে। কোথাও কোথাও স্কুল ও কলেজে পানি ঢুকে পড়ায় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কেলেঘাই নদীর পানি বাড়ায় উদ্বেগ
টানা বৃষ্টিতে কেলেঘাই নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভগবানপুর ও পটাশপুর এলাকার বাসিন্দারা নদীবাঁধের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন।
পরিস্থিতি মোকাবিলা ও সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে একটানা ভারী বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় ও অন্যান্য এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ত্রাণ নিয়ে প্রস্তুত প্রশাসন
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিজন কৃষ্ণ বলেন, নিম্নচাপের কারণে জেলার বিভিন্ন এলাকায় পানি জমার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রাথমিকভাবে ত্রিপল, খাবার পানি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পরিস্থিতির ওপর প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকায় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
ডিডি/কেএএ/
