পাঁচ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির সমঝোতা
নাগরিক সেবা সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) নগর ভবনে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সমঝোতা স্মারক স্বাক্ষরকারী ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় ব্যাংকগুলো ডিএসসিসি এলাকার হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য ফি অনলাইন ও অফলাইন পদ্ধতিতে সংগ্রহ করবে। এতে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
অনুষ্ঠানে মো. আবদুস সালাম বলেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা ডিএসসিসির অন্যতম লক্ষ্য। সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের সম্পৃক্ততা তত বাড়বে।
সমঝোতা স্মারকে ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং পাঁচ ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালকরা স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
