‘৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়নি’
একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিজের বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে এসব সংবাদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের আইনি কাঠামো অনুযায়ী কেবল প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। ফলে প্রিন্ট মিডিয়ার মালিকানাধীন অনলাইন পোর্টালগুলোতে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে অপতথ্য ছড়ানো হলেও সেসবের বিরুদ্ধে একইভাবে প্রতিকার পাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, বিরোধী দলকে লক্ষ্য করে নিয়মিত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অনলাইন মাধ্যমে প্রকাশিত এসব অপপ্রচারের বিরুদ্ধে কীভাবে প্রেস কাউন্সিলে প্রতিকার পাওয়া যাবে এবং এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—প্রশ্ন রাখেন তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলীয় সদস্যরাই নন, দেশের সাধারণ মানুষ, সরকারি দলের বিভিন্ন সদস্য এমনকি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকেও বিভিন্ন ধরনের অপপ্রচারের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন পোর্টালের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
কুশল/সাএ
