প্রকাশ পেল ‘আন্ধার’-এর অফিশিয়াল পোস্টার
অন্ধকারের আবহে এক রহস্যময় বার্তা ছড়িয়ে প্রকাশ্যে এলো রায়হান রাফীর ভৌতিক থ্রিলার ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার।
কয়েক দিন আগে কেবল এক ঝলক সম্ভাব্য দৃশ্যের আভাস দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল। এরপর চরিত্রদের ভিন্ন ভিন্ন লুক প্রকাশ করে দর্শকদের কৌতুহল ধরে রেখেছিলেন নির্মাতা। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো সিনেমাটির পূর্ণাঙ্গ পোস্টার, যা ভূতুড়ে আর থমথমে আমেজে তৈরি করেছে দারুণ এক শিহরন।
প্রকাশিত পোস্টারে এক রহস্যময় আবহে সাদা পোশাকে চরিত্রগুলোকে দেখা গেছে। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে এক বিশাল পাথরের বেদির ওপর সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমেদ রেহানদের চরিত্রগুলো।
তাদের পেছনে এক অলৌকিক আলোর বলয় বা সূর্যগ্রহণ সদৃশ চক্র জ্বলজ্বল করছে। সাধারণত ভৌতিক বা থ্রিলার ঘরানার চলচ্চিত্রে যে ভীতিকর আবহের ব্যবহার দেখা যায়, পোস্টারজুড়ে তা-ই মূল রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে।
এর আগে রায়হান রাফী, সিয়াম আহমেদ- তাদের ফেসবুকে ‘০৭:০৭’ লিখে একটি রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল উসকে দিয়েছিলেন। ভক্তরা ভাবছিলেন এটি টিজার অথবা ট্রেলারের বার্তা! শেষ পর্যন্ত রাত ৭টা ৭ মিনিটেই পোস্টারটি সামনে এনে সেই রহস্যের উন্মোচন করা হয়।
শোনা যাচ্ছে, দেশের সিনে অঙ্গনে এটি একটি বিগ বাজেটের সিনেমা। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর গল্প। একঝাঁক তারকার অভিনয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। এ চলচ্চিত্রে সিয়াম, তুষি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। পোস্টারেই জানানো হয়েছে, আগামী অক্টোবরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
