প্রধানমন্ত্রীর আস্থাই বড়, নিষ্ঠার সঙ্গে কাজ করব: হুমায়ুন


নতুন দায়িত্ব পাওয়াকে দেশের মানুষের জন্য কাজ করার আরেকটি সুযোগ হিসেবে দেখছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান,প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে আস্থা রেখেছেন, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করবেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, “আমরা দুই-তৃতীয়াংশ ভোটে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। সরকার গঠনের পর ইনশাআল্লাহ আমরা আজ ছয় মাসে একটা বেশ ভালো জায়গায় আছি। আমাদের কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে যেখানে আছি, আমরা তা পালন করছি।”

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, “আজকে আপনারা দেখছেন, নতুন দলের নতুনভাবে আরেকটা অ্যাসাইনমেন্ট আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন এবং আমার কার্যক্রমের ওপর উনি আস্থা রেখেছেন। আমি গর্ব করি যে আবারো সুযোগ পেয়েছি, আরেকটা সুযোগ পেয়েছি বাংলাদেশের, আমার দেশের জন্য কাজ করার।”

প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্বের বিষয়ে হুমায়ুন কবির বলেন, “প্রধানমন্ত্রী যেখানে যে দায়িত্ব দেবেন, ওটাই যথেষ্ট। প্রধানমন্ত্রীর আস্থা—প্রধানমন্ত্রীর যে ডেলিগেশন, উনার আস্থা যেখানে আমার ওপর যদি থাকে, যেখানেই দেবেন, এখানেই সুবিধা।”

দীর্ঘদিন নেতৃত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রায় ১৫ বছর আমি আমার লিডারের অ্যাডভাইজার ছিলাম। অ্যাডভাইজার করলেও আছি, না করলেও আছি—এখানে কোনো অসুবিধা নাই।”

নতুন দায়িত্বকে নির্বাহী দায়িত্ব হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, “এটা এক্সিকিউটিভ দায়িত্ব। আপনারা আমার অভিজ্ঞতা তো অবশ্যই জানেন। আমি নিয়মিত প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টার‌্যাক্ট করি। আমরা অনেক সিদ্ধান্ত যৌথভাবে নিই।”

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, “আমাদের ডে-টু-ডে কার্যক্রম দেশের ফরেন পলিসিকে, প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো ফ্র্যাগমেন্টেড গভর্নমেন্ট নাই। আমরা জয়েন্ট ওয়েতে কাজ করি—প্রধানমন্ত্রীর অফিস, ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য মন্ত্রণালয় খুব ক্লোজলি কাজ করে।”

নতুন দায়িত্ব ও পদকে আল্লাহর দেওয়া সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এগুলো সব হচ্ছে আল্লাহর দেওয়া দান। এগুলো নিয়ে কোনো অহংকার নাই। পদ মাঝে মাঝে আসে, আবার চলেও যেতে পারে। কিন্তু আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনি দেশের জন্য কী করেন, দেশের জন্য আপনার কমিটমেন্ট—এটাই গুরুত্বপূর্ণ।”

দেশের স্বার্থে কোনো আপস না করার প্রত্যয় ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “দেশের মানুষের প্রতি একটা লয়্যালটি দিয়ে দেশের ব্যাপারে কোথাও যেন ডোন্ট কম্প্রোমাইজ করি। ইনশাআল্লাহ, এই দোয়া করবেন যাতে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ না করি।”

তিনি আরো বলেন, “দেশের মানুষের সমর্থন থাকলে আন্তর্জাতিক পর্যায়েও দেশের স্বার্থ আরো শক্তভাবে তুলে ধরা সম্ভব।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *