বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হলেন এভিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিসিবি কাউন্সিলর আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন।
একসময় ‘লালমনিরহাট এক্সপ্রেস’ নামে পরিচিত গতিময় পেসার ছিলেন এভিন। ২০০৪ সালে বহুল আলোচিত ‘গ্রামীণফোন পেসার হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তার পরিচিতি ঘটে। ক্রিকেটার হিসেবে মাঠে দাপট দেখানোর পাশাপাশি পরবর্তীতে ক্রীড়া সংগঠক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ক্রীড়াঙ্গনের বাইরে সামাজিক সংগঠন ‘মানবিক যাত্রা ফাউন্ডেশন’-এর কর্ণধার হিসেবেও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন বলেন, দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন ও খেলাধুলার মানোন্নয়নে কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য। তরুণদের মাঠমুখী করার পাশাপাশি সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চান তিনি। নতুন দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেছেন এভিন।
বাংলাদেশ জার্নাল/সিএম
